কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক সৈয়দ নাসির উদ্দিন আহম্মদের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান বাদী হয়ে ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলাটি করেন।
অভিযোগে বলা হয়, তিতাসের কারওয়ান বাজার কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক সৈয়দ নাসির উদ্দিন আহাম্মদ দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ১ কোটি ১৬ লাখ ৭২ হাজার ১৪০ টাকার স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য গোপন করেন। তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৬৭ লাখ ৮৪ হাজার ৫১৫ টাকা সমমূল্যের সম্পত্তির মালিকানা অসাধু উপায়ে অর্জন করে তা নিজ দখলে রাখেন। এর আগে গত বছরের ২ এপ্রিল তার নিজের, স্ত্রীর ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিবর্গের স্বনামে বা বেনামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পদ দায়-দেনা, আয়ের উৎসের বিস্তারিত বিবরণী দাখিলের জন্য কমিশন থেকে আদেশ দেওয়া হয়। ওই বছর ৬ মে তিনি সম্পদ বিবরণী দাখিল করেন। দাখিলকৃত সম্পদ বিবরণী যাচাই করে তদন্ত কর্মকর্তা কমিশনের প্রতিবেদন দাখিল করেন। কমিশনে অনুমোদনের পর মামলা করা হয়েছে।