রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ সংলগ্ন ভাঙ্গা মসজিদ এলাকায় একটি ভাঙ্গারির দোকানে বোতল বিস্ফোরণে দোকানমালিকসহ ৭ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে এ ঘটনায় আহতদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের চিকিৎসকরা জানান, ভর্তি হওয়া দগ্ধরা হলেন ভাঙ্গারি দোকানের মালিক আব্দুল আলীম, কর্মচারী আমির হোসেন, ফারুক, সাইদুর রহমান এবং পাশের দোহার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের কর্মচারী কাইউম, মো. সুরুজ ও মো. রাসেল।
মালিক আব্দুল আলীম জানান, গতকাল দুপুর ২টার দিকে পারফিউমসহ বিভিন্ন ধরনের বোতল কম্প্রেসর মেশিনে গুঁড়া করার সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আগুন লেগে দ্রুত ছড়িয়ে যায় এবং দোকানের ভেতরে থাকা তিনিসহ ৪ জন ও পাশের দোকানের ৩ জন দগ্ধ হন।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল জানান, দগ্ধ ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৫ জনের শরীরের ৭৫ থেকে ২০ শতাংশ পুড়ে গেছে। সাইদুল, ফারুক ও আলীমের অবস্থা আশঙ্কাজনক।