করোনা লড়াইয়ে হাল না ছাড়ার ডাক ডব্লিউএইচওর

ইউরোপজুড়ে দ্বিতীয় দফায় সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে হাল ছেড়ে না দিতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক কর্র্তৃপক্ষ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। করোনার বিরুদ্ধে লড়াইয়ে পুরোদমের লকডাউন এড়াতে মাস্ক পরা, শারীরিক দূরত্ব মেনে চলা এবং অন্যান্য পদক্ষেপের ওপর জোর দিয়েছে সংস্থাটি।

সংস্থাটির প্রধান টেড্রোস আধানম গেব্রেইয়েসুস এক অনলাইন সম্মেলনে বলেছেন, কোনো টিকা অথবা ওষুধ এখন পর্যন্ত না আসায় এ ভাইরাস মোকাবিলায় প্রতিরোধমূলক ব্যবস্থার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন তিনি।

তিনি বলেন, বাসায় থেকে কাজ, স্কুলের শিশুদের দূর থেকে পাঠদান, পরিবার অথবা স্বজনদের সঙ্গে কোনো মাইলফলক উদযাপন অথবা প্রিয়জনের বিদায়ে শোক জানাতে না পারাটা অত্যন্ত কঠিন এবং এ অবসাদ বাস্তব।