বিকেলে ইসিতে যাচ্ছেন বিএনপি প্রার্থী জাহাঙ্গীর

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে নির্বাচন কমিশনে (ইসি) যাচ্ছেন বিএনপি প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেন।

ধানের শীষ প্রতীকের এই প্রার্থীর নির্বাচনী মিডিয়া সেল থেকে পাঠানো এক এসএমএস বার্তায় বুধবার এ কথা জানানো হয়েছে।

বিকেল ৩টায় অনুষ্ঠেয় এই বৈঠকে এসএম জাহাঙ্গীর ছাড়াও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা-১৮ উপনির্বাচনে বিএনপি প্রার্থীর সমন্বয়ক আবদুস সালাম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দীন আলম উপস্থিত থাকবেন।

বৈঠক শেষে পরিস্থিতি ও বৈঠকের ফলাফল নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন এসএম জাহাঙ্গীর হোসেন।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে চলতি বছরের ৯ জুলাই ঢাকা-১৮ আসন শূন্য ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশন আগামী ১২ নভেম্বর এই আসনে উপনির্বাচনের ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করেছে। এ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট হবে।