বিলম্বে করোনাভাইরাসের নমুনা টেস্ট ও ভ্রমণে নানা ধরনের বিধিনিষেধের কারণে ইউরোপের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরের মর্যাদা হারিয়েছে লন্ডনের হিথ্রো। বিমানবন্দরটির কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথমবারের খেতাবটি এখন চলে গেছে প্যারিসের চার্লস দ্য গল বিমানবন্দরের ঝুলিতে।
এতে করে ব্যবসায়িক এক হালনাগাদ তথ্যে হিথ্রো কর্তৃপক্ষ বলেছে, “ইউরোপের সবচেয়ে বৃহত্তম বিমানবন্দর হিসেবে হিথ্রোকে প্রথমবারের মতো টপকে গেছে প্যারিসের চার্লস দ্য গল। এ ছাড়া খুব কাছাকাছিই রয়েছে আমস্টারডার্ম শিফোল ও ফ্রাঙ্কফুর্ট।”
এতে করে যুক্তরাজ্য ব্যবসায়িক ক্ষতির মুখে পড়তে পারে উদ্বেগ প্রকাশ করেছে হিথ্রো। তারা বলেছে, “তিনটি আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীই ব্যাপক হারে করোনা টেস্টের উদ্যোগ বাস্তবায়ন করেছে। দেশের অর্থনীতির পুনরুদ্ধারে সহায়তায় উচ্চ ঝুঁকির দেশগুলো থেকে আসা যাত্রীদের ১ ডিসেম্বরের মধ্যে টেস্ট শুরুর ইচ্ছার কথা জানিয়েছে যুক্তরাজ্য সরকারও।”
কভিড-১৯ এর সংক্রমণ ফের বৃদ্ধি এবং চলমান বিধিনিষেধের কারণে আগামী দুই বছরও হিথ্রো বিমানবন্দরের চাহিদা কমে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
লন্ডনের পশ্চিমে অবস্থিত বিমানবন্দরটি আশা করা করছে, তাদের বিমানবন্দর দিয়ে ২০২০ সালে ২ কোটি ২৬ লাখ যাত্রী আসা-যাওয়া করবে। আর ২০২১ সালে আসা-যাওয়া করবে ৩ কোটি ৭১ লাখ যাত্রী।