মেজর অবসরপ্রাপ্ত সিনহা মো. রাশেদ হত্যা মামলার আসামি পুলিশ কনস্টেবল রুবেল শর্মার আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল বুধবার কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নম্বর-৪ (টেকনাফ) এ হাজির করা হলে বিচারক তামান্না ফারাহ জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় দফায় রুবেল শর্মার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-১৫ এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. খায়রুল ইসলাম জানান, সিনহা হত্যা মামলার আরও তথ্য জানতে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপের সহযোগী ও মামলার অন্যতম আসামি রুবেল শর্মাকে গতকাল সকালে আদালতে হাজির করে ৮ দিনের রিমান্ড চাইলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সবকিছু ঠিক থাকলে আজ বৃহস্পতিবার রুবেল শর্মাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হবে। তিনি আরও জানান, এর আগে রুবেল শর্মাকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। রিমান্ডে তার কাছ থেকে সিনহা হত্যা মামলা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। কিন্তু আরও তথ্য পাওয়ার জন্য তাকে আবারও রিমান্ডে নেওয়া প্রয়োজন। তাই পুনরায় রিমান্ড আবেদন করা হয়।
সিনহা হত্যা মামলার ১৪ আসামির মধ্যে সর্বশেষ আসামি হিসেবে সংযুক্ত হয় রুবেল শর্মা। গত ১৪ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। রুবেল শর্মা টেকনাফ মডেল থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশের অন্যতম সহযোগী ছিলেন বলে জনশ্রুতি রয়েছে।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা খায়রুল ইসলামের ১০ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে আদালত রুবেল শর্মার সাত দিনের রিমান্ড মঞ্জুর করে। গত ২ অক্টোবর তাকে রিমান্ড হেফাজতে নেওয়া হয়।
গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকায় এপিবিএনের চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান। এ ঘটনায় ৫ আগস্ট নিহত সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন।