নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি দেশটিতে বাংলাদেশ হাইকমিশনার মো. শামীম আহসানকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছেন। গতকাল বুধবার নাইজেরিয়ার বাংলাদেশ মিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
প্রেসিডেন্ট বিদায়ী হাইকমিশনারকে নাইজেরিয়ায় দায়িত্ব পালনকালে তার সাফল্যের জন্য অভিনন্দন এবং নতুন কর্মস্থলের জন্য শুভ কামনা জানান। বাংলাদেশ ও নাইজেরিয়ার মধ্যকার বিকাশমান দ্বিপক্ষীয় সম্পর্কের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন। কৃষি ও সামরিক ক্ষেত্রে দু’দেশের বিদ্যমান সহযোগিতার দিকটি বিশেষভাবে তুলে ধরেন তিনি।
বাংলাদেশে নাইজেরিয়ার আবাসিক মিশন খোলার ব্যাপারে বিশেষ অনুরোধ করেন শামীম আহসান। হাইকমিশনার নাইজেরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। দায়িত্ব পালনকালে নাইজেরিয়া সরকারের আন্তরিক সহযোগিতার কথাও গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন শামীম।
বিদায়ী হাইকমিশনার জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দু’দেশের পররাষ্ট্রমন্ত্রীর নাইজেরিয়া ডাক বিভাগের স্মারক ডাকটিকিট অবমুক্তকরণ, পররাষ্ট্র সচিবদের দ্বিপক্ষীয় ফরেন অফিস কনসালটেশন বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর এবং বাংলাদেশ ও নাইজেরিয়ার শীর্ষ ব্যবসায়িক সংগঠনের (এফবিসিসিআই এবং নাছিমা) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা অন্য বিষয়ের সঙ্গে উল্লেখ করেন। আহসান মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত নাগরিকদের ব্যাপারে জাতিসংঘ, ওআইসি এবং অন্য আন্তর্জাতিক সংস্থায় নাইজেরিয়ার ইতিবাচক ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।