ব্লকচেইন অলিম্পিয়াডে প্রথমবার অংশ নিয়েই বাংলাদেশের তরুণরা প্রথম ও শ্রেষ্ঠ হিসেবে নিজেদের প্রমাণ করতে পেরেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, ‘তরুণদের হাত ধরেই দেশের প্রযুক্তি খাত এগিয়ে যাবে।’ গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এ সময় ব্লকচেইন ২০২০-এ অংশ নেওয়া বাংলাদেশের ১২টি দলের সদস্যদের সংবর্ধনা ও সনদপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত হয়ে প্রতিমন্ত্রী বলেন,‘ প্রথমবার অংশ নিয়েই বিশ্বের বড় বড় দেশগুলোর প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে আমাদের তরুণরা। ছয়টি ক্যাটাগরির দুটিতে চ্যাম্পিয়নসহ চারটি ক্যাটাগরিতে সিলভার মেডেল পায় আমাদের তরুণরা। তারা প্রমাণ করেছে আমরাই প্রথম ও শ্রেষ্ঠ। আমাদের কাজ হচ্ছে এ তরুণদের উৎসাহ দেওয়া, সাহস দেওয়া। তাহলেই তারা তাদের লক্ষ্য অর্জন করতে পারবে।’