‘দূর কর দুঃশাসন দুরাচার- জনতা জেগেছে যে দুর্বার’ এ স্লোগানকে ধারণ করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আজ বৃহস্পতিবার আয়োজন করছে ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। ১৯৬৮ সালের ২৯ অক্টোবর প্রতিষ্ঠার পর থেকে সাম্যবাদী অসাম্প্রদায়িক শোষণমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।
উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে থাকবে প্রতিবাদী সংগীত, নৃত্য, আবৃত্তি ও পথনাটক। বিকেল সাড়ে ৪টায় জাতীয় সংগীত ও সংগঠন সংগীতের সঙ্গে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হবে। আলোচনা পর্বে উপস্থিত থাকবেন প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক সভাপতি গোলাম মোহাম্মদ ইদু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কাবেরী গায়েন, মোহাম্মদ তানজীম উদ্দীন, উদীচীর সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন প্রমুখ।