এরদোয়ানের ব্যঙ্গচিত্র নিয়ে তুরস্কের নিন্দা

ফ্রান্সের বিতর্কিত ব্যঙ্গাত্মক সাপ্তাহিক ম্যাগাজিন শার্লি হেবদোতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের ব্যঙ্গচিত্র প্রকাশের ঘটনায় নিন্দা জানিয়েছে তুরস্ক।

তুর্কি প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন টুইটারে বলেছেন, ‘ফরাসি ম্যাগাজিনে আমাদের প্রেসিডেন্টকে জড়িয়ে যে চিত্র প্রকাশ করা হয়েছে; সেখানে কোনো বিশ্বাস, পবিত্রতা এবং মূল্যবোধের প্রতি শ্রদ্ধা নেই, আমরা দৃঢ়ভাবে এর নিন্দা জানাই।’ তিনি বলেছেন, তারা শুধু নিজেদের অশ্লীলতা এবং অনৈতিকতা প্রদর্শন করছে। কারও ব্যক্তিগত অধিকারের ওপর আক্রমণ হাস্যরস কিংবা মতপ্রকাশের স্বাধীনতা হতে পারে না।

তুরস্কের প্রেসিডেন্টের যোগাযোগবিষয়ক পরিচালক ফাহরেত্তিন আলতুন বলেন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তার মুসলিমবিরোধী এজেন্ডা বাস্তবায়ন করছেন।

গত ২১ অক্টোবর শার্লি হেবদোর প্রচ্ছদে এরদোয়ানের ব্যঙ্গচিত্র প্রকাশ করা হয়। গত মঙ্গলবার শার্লি হেবদোর সেই সংখ্যা অনলাইনে প্রকাশ করা হয়। এর প্রচ্ছদে প্রকাশিত ছবিতে দেখা যায়, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান একটি সাদা টি-শার্ট ও অন্তর্বাস পরে বসে আছেন। পাশে হিজাব পরা এক নারী মদের পসরা সাজিয়ে অর্ধনগ্ন অবস্থায় দাঁড়িয়ে আছেন। কার্টুনচিত্রের টাইটেলে বলা হয়, ‘এরদোয়ান : একান্তে তিনি খুবই মজার’।