সাভারে একটি নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে সাব্বির হোসেন (১৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
বৃহস্পতিবার দুপুরে সাভার পৌর এলাকার শাহিবাগ মহল্লার শফিক মিয়ার মালিকানাধীন নির্মাণাধীন ১১ তলা ভবনের ৯ তলা থেকে পড়ে গিয়ে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত সাব্বির হোসেন পাবনা জেলার আতাইকুলা থানার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের আরব আলীর ছেলে। সে নির্মাণাধীন ভবনটিতে প্লাস্টারের কাজ করছিল।
থানা-পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে শাহিবাগ মহল্লার শফিক মিয়ার নির্মাণাধীন ১১ তলা ভবনের ৯ তলায় প্লাস্টারের কাজ করছিল সাব্বির হোসেন। কিন্তু ভবনের মালিকপক্ষ কোন প্রকার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ ছাড়াই বিল্ডিং কোড না মেনে নির্মাণকাজ পরিচালনা করায় ভবনটির দেয়ালে প্লাস্টার করতে গিয়ে হঠাৎ নিচে পড়ে যায় সাব্বির।
এ সময় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাব্বির হোসেনকে মৃত ঘোষণা করেন।
পৌর এলাকার বাসিন্দা মতিউর রহমান অভিযোগ করেন, প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই সাভারে যত্রতত্র অপরিকল্পিতভাবে নিয়ম নীতির তোয়াক্কা না করে বহুতল ভবন নির্মাণ করায় মাঝে মধ্যেই দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ। এসব বিষয়ে যাদের তদারকি করার কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষও বিষয়টি নিয়ে কোন ব্যবস্থা না নেওয়ায় দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা প্রতিনিয়ত বেড়ে চলেছে। তাই অনতিবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টির প্রতি গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাফায়েতুর রহমান জানান, খবর পেয়ে নিহত নির্মাণ শ্রমিকের মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, বহুতল ভবনে প্লাস্টারের কাজ করতে গিয়ে দুর্ঘটনা পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।