পবিপ্রবিতে ৩য়-৪র্থ শ্রেণির কর্মচারীদের বিক্ষোভ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ৩য়-৪র্থ শ্রেণির কর্মচারীদের বেতন-ভাতাসহ ১০দফা দাবিতে লাগাতার আন্দোলনের ৮ম দিনে কর্মবিরতি পালন ও প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ হয়েছে।

বৃহস্পতিবার প্রশাসনিক ভবনের সামনে আন্দোলনরত ৩য়-৪র্থশ্রেণীর কর্মচারীরা সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্ম-বিরতি রেখে বিক্ষোভ সমাবেশ করে। 

এ সময় কর্মচারী পরিষদের সভাপতি মো. মজিবুর রহমান মৃধা,  সাধারণ সম্পাদক মো. বদরুজ্জামান জনি, গাড়ি চালক মো. আলমগীর হোসেন আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

বক্তারা ১০ দফা দাবি মেনে না নেওয়া হলে ক্যাম্পাস অবরুদ্ধসহ আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

উল্লেখ্য, গত ৯ অক্টোবর পবিপ্রবির তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারী পরিষদের পক্ষ থেকে পেশকৃত স্মারকলিপিতে বেতন-ভাতা বৃদ্ধি ও পর্যায়োন্নয়নসহ ১০দফা দাবি মেনে নিতে কর্তৃপক্ষকে ২০ অক্টোবর পর্যন্ত আল্টিমেটাম দেয়। দাবি না মানলে ২১ অক্টোবর থেকে লাগাতার আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে। ঘোষিত কর্মসূচির ৮ম দিনে সকাল সাড়ে ৯ থেকে ১টা পর্যন্ত কর্মবিরতি পালন ও বিক্ষোভ সমাবেশ করেছে।