মানিকগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে স্কুল শিক্ষক গ্রেপ্তার

মানিকগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শরিফুল ইসলাম (৩৯) নামে এক স্কুল শিক্ষককে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত।

বৃহস্পতিবার সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৯ এর বিচারক জান্নাতুল রাফিন সুলতানা শরিফুল ইসলামকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। 

শরিফুল ইসলাম মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার মৃত মইন উদ্দিনের ছেলে। তিনি দৌলতপুর পিএস সরকারি উচ্চ বিদ্যালয়ের সমাজিক বিজ্ঞানের শিক্ষক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক।

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ আকবর আলী খান জানান, নির্যাতনের শিকার ওই নারী তার স্বামীর সাথে জয়রা এলাকায় বাসা ভাড়া করে থাকেন। বুধবার দুপুরে শরিফুল ইসলাম ওই নারীর বাসায় গিয়ে স্বামীর বন্ধু পরিচয় দিয়ে প্রবেশ করে। পরে ওই নারীর দশ বছরের ছেলে সন্তানকে আইসক্রিম ও সিগারেট আনার জন্য দোকানে পাঠায়। এই সুযোগে শরিফুল ইসলাম ওই নারীকে জোড় করে ধর্ষণ করে। পরে ছেলে আসলে সে পালিয়ে যায়।

বুধবার সন্ধ্যায় ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় একটি ধর্ষণ মামলা করেন। বৃহস্পতিবার ভোরে মানিকগঞ্জ সদর উপজেলার গিলন্ড এলাকার সালামের বাড়ি থেকে শরিফুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সকাল ১০টার দিকে তাকে আদালতে তোলা হয়। 

তিনি আরো জানান, নির্যাতনের শিকার ওই গৃহবধূর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। গ্রেপ্তার শরিফুল ইসলামের বিরুদ্ধে স্কুলছাত্রী ধর্ষণ চেষ্টা, বিশেষ ক্ষমতা আইনে ২টি মামলাসহ আরো দুটি চাঁদাবাজির মামলা রয়েছে।