ওষুধ কিনতে গিয়ে যৌন নিপীড়নের শিকার গৃহবধূ

পটুয়াখালীর মির্জাগঞ্জে ওষুধ কিনতে গিয়ে ফার্মেসি মালিক আলম মীরার (৫০) হাতে যৌন নিপীড়নের শিকার হয়েছেন এক সন্তানের জননী এক গৃহবধূ।

এ ঘটনার ১০ দিন পরে বৃহস্পতিবার বিকেলে মির্জাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ওই গৃহবধূ।

মামলা সূত্রে জানা গেছে, ১৯ অক্টোবর সকালে উপজেলার স্থানীয় বাজারের ফার্মেসিতে দুই বছরের শিশুপুত্রের জন্য ওষুধ কিনতে যান ওই গৃহবধূ। গ্রাম্য বাজারে লোক সমাগম না থাকার সুযোগে ফার্মেসি মালিক আলম মীরা যৌন নিপীড়ন চালায়।

লোকলজ্জার ভয়ে কাউকে কিছু না বলে ওই গৃহবধূ বাড়ি গিয়ে বিষয়টি তার স্বামীকে জানান। পরে পারিবারিক সিদ্ধান্তে ঘটনার ১০ দিন পর বৃহস্পতিবার মির্জাগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ারুল ইসলাম জানান, তদন্তের পাশাপাশি আলমকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে। বর্তমানে ফার্মেসি বন্ধ রয়েছে।