অল্প সময়ের মধ্যে বেশ কয়েকটি আইনি নোটিশ পেয়েছেন কঙ্গনা রনৌত ও তার বোন রঙ্গোলি চান্দেল। এবার তাবলিগ জামাতের বিরুদ্ধে মন্তব্যের জেরে তদন্তের নির্দেশ দেওয়া হলো।
আদালতের তরফে বলা হয়, দিল্লিতে তবলিগ জামাত সদস্যদের বিরুদ্ধে কঙ্গনারা যে মন্তব্য করেছেন, তার বিরুদ্ধে তদন্ত করুক মুম্বাই পুলিশ। এমনই নির্দেশ দায়রা আদালতের।
সম্প্রতি আইনজীবী আলী কাসিফ খান দেশমুখ অভিযোগ করেন, তবলিগ জামাতের সদস্যদের বিরুদ্ধে রঙ্গোলি যে ধরনের মন্তব্য করেন, তার সব প্রমাণ ইলেকট্রনিক এভিডেন্স হিসেবে রয়েছে।
আরও দাবি, কঙ্গনাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা সত্ত্বেও আম্বোলি থানা ওই সময় কোনো পদক্ষেপ করেনি।
এরপরই বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করা হয় আদালতের তরফে।
কভিড-১৯ সংক্রমণের জেরে যখন লকডাউন চলছে, এপ্রিলের মাঝামাঝিতে তবলিগ জামাত সদস্যদের নিয়ে অপমানজনক মন্তব্য করেন রঙ্গোলি। একই সময়ে রঙ্গোলির টুইটে অসহিষ্ণুতা বাড়ছে, এই অভিযোগে তার অ্যাকাউন্ট সাসপেন্ড করে মাইক্রো ব্লগিং সাইটটির কর্তৃপক্ষ। পরে কঙ্গনা দিদির হয়ে সুর চড়ান। পরিকল্পনা করেই তার বোনের টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন।
আইনজীবী কাসিফ খান দেশমুখ অভিযোগ করেন, বোনের হয়ে সুর চড়াতে গিয়ে তবলিগ জামাত সদস্যদের ‘জঙ্গি’ বলে আক্রমণ করেন কঙ্গনাও। নিজেদের স্বার্থের জন্য মুসলমানদের বিরুদ্ধে তারা অপমানজনক মন্তব্য ও ঘৃণা ছড়িয়েছেন বলে মন্তব্য ওই আইনজীবীর।