ভারতের প্লেব্যাক কিং কুমার শানু বললেন, “ছেলে ও স্ত্রীর সঙ্গে গত ২৭ বছর ধরে থাকি না। তাই জানের মা ওকে কী শিক্ষা দিয়েছে আমার জানা নেই। কিন্তু ছেলে যখন, তখন বাবা হয়ে আমিই ক্ষমা চাইছি।”
‘বিগ বস’-এর ঘরে সম্প্রতি মারাঠি ভাষা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন শানুর ছেলে জান কুমার। যার জেরে মহারাষ্ট্রের নবনির্মাণ সেনার রোষানলে পড়তে হয় তরুণ গায়ককে। প্রকাশ্যে যদি তিনি ক্ষমা না চান, তাহলে শো বন্ধ করে দেওয়ারও হুমকি দেওয়া হয়।
চাপের মুখে পড়ে ক্ষমা চেয়েছেন জান। ছেলের হয়ে মুখ খুলেছিলেন মাও। তবে তাতেও পরিস্থিতি শান্ত হয়নি! বিতর্কের রেশ থামাতে এবার ছেলের হয়ে মহারাষ্ট্রবাসীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন কুমার শানু।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে ক্ষমা চাইতে দেখা যায় কুমার শানুকে।
তার কথায়, মারাঠি ভাষা সম্পর্কে জান যে মন্তব্য করেছে, তা মোটেই গ্রহণযোগ্য নয়। গত ৪৭ বছর ধরে মহারাষ্ট্র যেভাবে তাকে আপন করে নিয়েছে, ভালোবেসেছে, তার জন্য তিনি মুম্বাইবাসীর কাছে কৃতজ্ঞ। এবং কখনো মারাঠি ভাষাকে অপমান করার কথা চিন্তাই করতে পারেন না। তাই ছেলের হয়ে ক্ষমা চাইছেন।
পাশাপাশি এও বলেন, “আমার ছেলে জান ভীষণই ভুল একটি মন্তব্য করে বসেছে, যা আমি গত ৪১ বছরেও ভাবিনি। যে মহারাষ্ট্র, মুম্বাদেবী আমাকে যশ-খ্যাতি সবকিছু দিয়েছে, সেই জায়গার নামে এ রকম কোনো কথা ভাবতেই পারি না। আমার ছেলে ভাষা নিয়ে যে রকম মন্তব্য করেছে, আমি তো আমার এত বছরের ক্যারিয়ারে ভিন্ন ভাষায় গান গেয়েছি, সব ভাষাকেই আমি ভালোবাসি, শ্রদ্ধা করি। গত ২৭ বছর ধরে আমি আলাদা থাকি ওদের থেকে। তো ওর মা ওকে কী শিক্ষা দিয়েছে, সেই সম্পর্কে আমার ধারণা নেই। তাই আমি ভীষণভাবে দুঃখিত। একজন বাবা হয়ে আমি শুধু ক্ষমা চাইতে পারি আপনাদের কাছে।”
মঙ্গলবারের অ্যাপিসোডের বিতর্কিত ভিডিও’য় সহ-প্রতিযোগী নিকি তম্বোলি মারাঠিতে কিছু বললে জান রেগে গিয়ে বলেন, “মারাঠিতে কথা বলিস না, আমার সামনে মারাঠিতে বলিস না, দম থাকলে হিন্দিতে বল না হলে বলিস না… আমার বিরক্তি লাগে।”
মারাঠি ভাষা আমাকে বিরক্ত করে— এই টিপ্পনী একেবারেই পছন্দ হয়নি উদ্ধব ঠাকরে সরকারের। এর পর প্রযোজনা প্রতিষ্ঠান ভায়াকম ১৮-এর তরফেও ক্ষমা প্রার্থনা করে বলা হয়, আমরা অভিযোগ পেয়েছি ২৭ অক্টোবরের পর্বে মারাঠি ভাষাকে টেনে একটি মন্তব্যে করা হয়েছে কালারস চ্যানেলে। আমরা সেই অভিযোগ জমা করেছি এবং সেটি সঠিক করবার পদক্ষেপ নেওয়া হচ্ছে- ভবিষ্যতে ওই অ্যাপিসোডের পুনঃসম্প্রচার থেকে ওই দৃশ্য বাদ দেওয়া হবে।