অফিসের প্রথম দিনে কী কী মাথায় রাখবেন

নতুন কর্মস্থলের প্রথম দিন ঘিরে নানা উত্তেজনা কাজ করে। নতুন জায়গা কেমন হবে, নতুন পরিবেশ কীভাবে মানিয়ে নেবেন, নতুন বস-সহকর্মীদের সঙ্গে সম্পর্ক কেমন হবে-নানা চিন্তা কাজ করে। এর মধ্যে মাথায় রাখতে হবে প্রথম দিনে অফিসে আপনার উপস্থিতি কেমন হবে। আসুন, বিষয়গুলো একটু দেখে নিই।

পোশাক নির্বাচন

পোশাক হতে হবে মার্জিত, রুচিশীল এবং অবশ্যই ফরমাল। তবে যে প্রতিষ্ঠানে যোগদান করছেন তাদের কোনো ড্রেস কোড আছে কী না সে বিষয়ে আগ থেকে ধারণা নিন এবং সে অনুসারে প্রস্তুতি নিন।

সময়মতো অফিসে প্রবেশ

অফিসে নিজেকে প্রমাণ করতে সময়ানুবর্তিতা মেনে চলার কোনো বিকল্প নেই। প্রথম দিন তো কোনোভাবেই দেরি করা যাবে না। পারলে ঠিক সময়ের কিছু আগেই হাজির হন নতুন কর্মস্থলে।

সঠিকভাবে কাজ বুঝে নেয়া

যে কাজের জন্য আপনাকে নিয়োগ দেয়া হয়েছে, বিষয়গুলো সংশ্লিষ্ট ব্যক্তি বা বিভাগ থেকে বুঝে নিন। আপনার বস ও সহকর্মীদের সঙ্গে পরিচয় হোন। তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণভাবে প্রথমদিন কাটান।

হতাশ না হওয়া

কাজ বুঝে নিতে গিয়ে প্রথম দিনেই হতাশ হয়ে পড়েন অনেকে। এ ছাড়া কাজের পরিবেশও পছন্দ হয় না শুরুতে। কোনো সহকর্মীর আচরণেও মনঃপূত না হতে পারে, ভালো না লাগতে পারে অ্যাসাইনমেন্টও। তবে এ ক্ষেত্রে কোনোভাবে ভেঙে পড়া যাবে না। শুরুতে সবকিছু মানানসই না হতে পারে। ফলে আত্মবিশ্বাস হারানো যাবে না।

কোনো অভিযোগ নয়

প্রথম দিনে হয়তো অনেক বিষয় নাও বুঝতে পারেন। তবে সে ক্ষেত্রে অভিযোগ নয়, সহকর্মী বা ঊর্ধ্বতন ব্যক্তি থেকে সরাসরি বিষয়টি বুঝে নিতে পারেন। আপনার সুবিধা বা অসুবিধা যে কোনো বিষয়ে মতামত থাকলে ইতিবাচকভাবে বসকে বিষয়টি জানান।

শুরুটা হোক গোছানো

প্রথমদিনই নিজের ডেস্ক বা টেবিল সুন্দরভাবে গুছিয়ে নিন। কম্পিউটার ,টেলিফোন, আইডি কার্ড, কাগজপত্র ঠিকঠাক বুঝে নিন। মনে আনন্দ নিয়ে কাজ শুরু করুন।