ইউরোপে মহামারী করোনাভাইরাসে (কভিড-১৯) মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ছাড়িয়ে গেছে। এ বছরের শুরুর দিকে মহাদেশটিতে প্রথম এ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়।
গ্রিনিচ মান সময় ১৬:৩০টা পর্যন্ত স্বাস্থ্য কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে তৈরি এএফপি’র পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।
বর্তমানে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ করোনা আক্রান্ত মহাদেশ হচ্ছে ইউরোপ। এ অঞ্চলে মোট ৫২ টি দেশ রয়েছে।
শীর্ষে থাকা লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে এ পর্যন্ত মোট ১ কোটি ১২ লাখ মানুষ করোনা আক্রান্ত হয়েছেন।
সংক্রমণের এই তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা এশিয়ায় ১ কোটি ৫ লাখ মানুষ কভিড-১৯ রোগে সংক্রমিত হয়েছে।
এদিকে ইউরোপের বিভিন্ন দেশে এ পর্যন্ত ২ লাখ ৭৫ হাজার মানুষ করোনাভাইরাসে প্রাণ হারিয়েছে।
অন্যদিকে ওয়ার্ল্ডো মিটারের তথ্য অনুযায়ী, বৈশ্বিক করোনা সংক্রমণ ৪ কোটি ৬০ লাখ স্পর্শ করার পথে। এখন পর্যন্ত মারা গেছেন প্রায় ১২ লাখ মানুষ।