মেক্সিকোর যুক্তরাষ্ট্রের সীমান্তঘেঁষা শিহুয়াহুয়া অঙ্গরাজ্যের একটি অপরাধপ্রবণ এলাকায় এক সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। চলতি বছর এই নিয়ে দেশটিতে ছয়জন সংবাদকর্মীকে হত্যা করা হলো বলে রিপোর্টাস উইথাউট বোর্ডার- আরএসএফ জানিয়েছে।
সন্ত্রাসপ্রবণ এলাকা সিউদাদ হুয়ারেস এলাকায় মেক্সিকোন সাংবাদিককে গুলি করে হত্যার সত্যতা নিশ্চিত করেছেন রাজ্য গভর্নর হাভিয়ের কোরাল।
আরএসএফ জানিয়েছে, গুলিতে নিহত ৪০ বছর বয়সী সাংবাদিকের নাম আর্তুরো আলবা মেদিনা। টেলিভিশনে একটি অনুষ্ঠানে সঞ্চালনা করতেন। বৃহস্পতিবার তার কাজ শেষ করার কয়েক মিনিট পরই গুপ্ত হত্যার শিকার হন তিনি।
এটাকে ‘কাপুরুষোচিত খুন’ হিসেবে উল্লেখ করেছেন কোরাল। খুনিদের বিচারের আওতায় আনার জন্য প্রসিকিউটরদের নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
মেক্সিকো সাংবাদিকদের জন্য খুব ভয়াবহ দেশ হিসেবে পরিচিত। আরএসএফ’র তথ্য মতে এই তালিকায় আছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া, আফগানিস্তান ও ফিলিপাইনও।
মেক্সিকোতে ২০০০ সাল থেকে একশ’র সাংবাদিক ও সংবাদকর্মীকে হত্যা করা হয়েছে। এসবের পেছনে রয়েছে দুর্নীতিবাজ বা শক্তিশালী মাদক সম্রাটদের হাত।