যুক্তরাষ্ট্রে ৩ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন জো বাইডেন। মিশিগানে স্থানীয় সময় শনিবার প্রচারণা চালাবেন ডেমোক্র্যাট দলের প্রার্থী। প্রথমবারের মতো তার সঙ্গে যুক্ত হচ্ছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।
তারা উভয়ে ফ্লিন্ট ও ডেট্রয়েট শহরে গাড়ি সমাবেশে অংশ নেবেন বলে সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।
একই দিনে পেনসিলভানিয়া প্রচারণা চালাবেন রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অঙ্গরাজ্যে ট্রাম্প ২০১৬ সালে হিলারি ক্লিনটনের বিরুদ্ধে বিজয়ী হয়েছিলেন।
যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচনের আমেজ অনেকটাই ম্লান হয়ে পড়েছে করোনা মহামারির কারণে।
সবশেষ চব্বিশ ঘণ্টায় দেশটিতে ৯৪ হাজারেরও বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছে। মোট ৯০ লাখেরও বেশি লোক করোনা ভাইরাসে আক্রান্ত। মারা গেছে প্রায় ২ লাখ ৩০ হাজার আমেরিকান।
এ প্রেক্ষিতে দেশটিতে এবারে রেকর্ড পরিমাণ ভোটার আগাম ভোট দিয়েছে। নির্বাচনের দিন ভিড় এড়াতেই ইতিমধ্যে ৮ কোটি ৬০ লাখ ভোটার আগাম ভোট দিয়েছে।