আদালত থেকে নথি চুরির ঘটনায় আইনজীবীসহ ৩জনের নামে মামলা

রাজবাড়ীর আদালত থেকে একটি মাদক মামলার নথি চুরির ঘটনায় এক আইনজীবীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

শুক্রবার অপরাহ্নে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পেশকার ওয়াদুদ খান বাদী হয়ে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইনে রাজবাড়ী থানায় এ মামলা দায়ের করেন।

মামলায় অভিযুক্তরা হলেন রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সদস্য অ্যাডভোকেট সুদীপ্ত গুহ আশীস, আইনজীবী সহকারী লক্ষণ রায় ও শিক্ষানবীশ মহরার মাসুদুর রহমান।

মামলার অভিযোগে প্রকাশ, গত ২৫ অক্টোবর দুপুর সাড়ে ১২ টার সময় অ্যাডভোকেট সুদীপ্ত গুহ অতিরিক্ত জেলা জজ আদালতে বিচারাধীন একটি মাদক মামলার (দায়রা-৫৪৭/১৩) নথি দেখতে চান।

এ সময় পেশকারের নির্দেশে ওই আদালতের কর্তব্যরত পিয়ন লিটন তাকে নথি দেন। আদালত কক্ষে নথি দেখার এক ফাঁকে পেশকার ও পিয়নের চোখ ফাঁকি দিয়ে নথি নিয়ে রওয়ানা হন। পিয়ন লিটন তার পিছু নিলে আইনজীবী সহকারী তার গতিরোধ করে এবং ওই আইনজীবী তাকে ভয়-ভীতি দেখিয়ে নথি নিয়ে চলে যান।

এ বিষয়ে রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের নের্তৃবৃন্দ অভিযুক্ত আইনজীবীর সাথে কথা বলে চেষ্টা করে ব্যর্থ হলে আদালত কর্তৃপক্ষ মামলা দায়েরের সিদ্ধান্ত নেয়।

রাজবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম জানান, মামলার নথি চুরির ঘটনায় অভিযোগপ্রাপ্ত হইয়া মামলা রুজু করা হয়েছে। রাজবাড়ী থানার এসআই শহীদুজ্জামানকে তদন্তভার অর্পণ করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, মামলার নথি উদ্ধারসহ অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

এদিকে বিচারের শেষ পর্যায়ে আসা গুরুত্বপূর্ণ মাদক মামলার নথি চুরির বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য রাজবাড়ীর জেলা ও দায়রা জজ জেলা বার অ্যাসোসিয়েশনে পাঠান হয়েছে।

রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের সম্পাদক এ্যাড. আনিছুর রহমান জানিয়েছেন, আদালতের পত্র পেয়ে আগামী ৪ নভেম্বর জেলা বারের সাধারণ সভা আহ্বান করা হয়েছে। ওই সভায় অভিযুক্ত আইনজীবীর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।