মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে-পুড়িয়ে হত্যার ঘটনায় মানবাধিকার কমিশনের কমিটি

জাতীয় মানবাধিকার কমিশন লালমনিরহাটের বুড়িমারীতে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনা তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করেছে।

শুক্রবার মানবাধিকার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিশনের পরিচালক (অভিযোগ ও তদন্ত) আল-মাহমুদ ফায়জুল কবীরের (জেলা ও দায়রা জজ) নেতৃত্বে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করে মানবাধিকার কমিশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইন নিজের হাতে তুলে নিয়ে একজন নাগরিকের প্রতি এমন নির্যাতন ও নিষ্ঠুরতার ঘটনা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। একটি সভ্য সমাজে আইন নিজের হাতে তুলে নিয়ে গণপিটুনি এবং আগুনে পুড়িয়ে দিয়ে বর্বর হত্যাকাণ্ড মানবাধিকারের চরম লঙ্ঘন।

বৃহস্পতিবার বুড়িমারীতে পিটিয়ে ও আগুনে পুড়িয়ে মো. সহিদুন্নবী জুয়েল নামের এক ব্যক্তিকে হত্যা করে স্থানীয় জনতা। জুয়েল রংপুর শহরের শালবন মিস্ত্রি পাড়ার আবু ওয়াজেদ মিয়ার ছেলে।

মানবাধিকার কমিশন গঠিত কমিটিকে এ বিষয়ে সরেজমিনে তদন্ত করে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।