বিতর্কিত কফিল পদ্ধতি সংশোধনের কথা ভাবছে সৌদি আরব

সৌদি আরবে বিদেশি শ্রমিক নিয়োগের ক্ষেত্রে এতদিন যে কফিল পদ্ধতি ছিল তা সংশোধন করে নিয়োগকর্তা ও কর্মচারীর মধ্যে নতুন এক ধরনের চুক্তির কথা ভাবছে দেশটির কর্তৃপক্ষ।

অর্থনীতি বিষয়ক পত্রিকা মাল এর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, শ্রমিক নিয়োগে আগামী বছরের প্রথম ভাগ থেকেই নতুন এ পদ্ধতি কার্যকর করার পরিকল্পনা রয়েছে দেশটি।

সৌদি আরবে সাত দশক ধরে কার্যকর কফিল পদ্ধতিতে অভিবাসী শ্রমিককে একজন নির্দিষ্ট নিয়োগকর্তার কাছেই বাধা থাকতে হতো। নিয়োগকর্তা না চাইলে সৌদি আরবের অন্য কোথাও কাজ করারও বৈধতা থাকতো না তার। 

রয়টার্স জানিয়েছে, দেশটিতে এখনও কফিল পদ্ধতির আওতায় ১০ কোটিরও বেশি শ্রমিক কাজ করছে। নিয়োগকর্তার ইচ্ছাধীন হওয়ায় অনেকেই এ পদ্ধতিকে অঘোষিত ‘দাস প্রথা’ বলে অ্যাখ্যা দিয়ে আসছিলেন। 

বিভিন্ন মানবাধিকার সংগঠনও দীর্ঘদিন ধরেই বিতর্কিত এ পদ্ধতি বদলাতে সৌদি আরবের কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছে।

সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয় কয়েকদিনের মধ্যেই এ সংক্রান্ত একটি ঘোষণা দিতে যাচ্ছে বলেও তাদের প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে।