চিকিৎসকের বাসা থেকে কিশোরী গৃহকর্মীর লাশ উদ্ধার

সিলেট নগরীর আখালিয়ায় ডা. জামিলা খাতুনের বাসা থেকে কিশোরী গৃহকর্মী জান্নাত আক্তার লিনার (১৪) লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার বিকেলে আখালিয়ার সুরমা আবাসিক এলাকার ৪ নম্বর সড়কের ৪৩ নম্বর বাসা থেকে কোতোয়ালি থানা-পুলিশ লিনার লাশ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লিনা আত্মহত্যা করেছে। নিহত লিনা সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বতুমারা গ্রামের আবদুল মালিকের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি  বিভাগের প্রধান ডা. জামিলা খাতুনের বাসায় অনেক দিন ধরে গৃহকর্মী হিসেবে কাজ করছে লিনা।

ডা. জামিলা খাতুনের বক্তব্য উদ্ধৃত করে কোতোয়ালি থানার ওসি সেলিম মিয়া জানান, সকালে ডা. জামিলা তার কর্মস্থলে চলে যান। দুপুরে ডা. জামিলার মেয়ে ফোন করে তাকে জানায়, লিনা ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস লেগে আত্মহত্যা করেছে। এরপর তিনি বিষয়টি পুলিশকে জানান। অন্যদিকে ‘বেঁচে থাকতে পারে’ এমন আশায় পরিবারের লোকজন পুলিশ যাওয়ার আগেই লিনার লাশ ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে ফেলেন।

ওসি জানান, লিনার গলায় ফাঁসের চিহ্ন রয়েছে।

ডা. জামিলা খাতুন দেশ রূপান্তরকে বলেন, লিনাকে আমি অনেক আদর করতাম। অফিসে যাওয়ার সময় ও আমার টিফিন রেডি করে গেইট পর্যন্ত এসে আমাকে বিদায় জানাতো। জানি না কী কারণে মেয়েটি আত্মহত্যা করলো।

এদিকে লিনার ভাই আল আমিন অভিযোগ করে বলেছেন, তার বোনকে নির্যাতন করে হত্যা করে আত্মহত্যা বলে প্রচার করা হচ্ছে।

তিনি আরও বলেন, কাজে সামান্য ভুল হলেই লিনাকে মারধর করা হতো। লিনা এ কথা তাকে একাধিকবার বলেছে বলে আল আমিন দাবি করেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।