বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের টক-শোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্রিমিনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. জিয়া রহমানের দেওয়া বক্তব্যটি দেড় বছর আগের এবং এখন সেই বক্তব্য খণ্ডিত ও বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
শুক্রবার এক বিজ্ঞপ্তিতে তারা বলে, দেড় বছর আগে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসিতে প্রচারিত একটি টক শো থেকে অধ্যাপক ড. জিয়া রহমানের বক্তব্যকে এডিট করে খণ্ডিত ও বিকৃতভাবে উপস্থাপনের মাধ্যমে একটি মহল রাজনৈতিক উত্তেজনা সৃষ্টির অপচেষ্টা করছে ও বিকৃত রুচির পরিচয় দিয়ে অনলাইনে নানা অপপ্রচারে লিপ্ত রয়েছে। এসব কার্যক্রম পর্যবেক্ষণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যকর পরিষদ সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করে যে, একজন বিশ্ববিদ্যালয় শিক্ষকের একাডেমিক বিশ্লেষণের রাজনৈতিক-অপব্যবহার কাম্য হতে পারে না।
এ প্রসঙ্গে অধ্যাপক ড. জিয়া রহমান শনিবার দেশ রূপান্তরকে বলেন, ‘আমার বক্তব্য এডিট করে বিকৃতভাবে প্রচার করছে একটি মহল। এ বিষয়টি নিয়ে আমি খুবই মর্মাহত।’
অন্যদিকে তার বক্তব্যের বিরুদ্ধে অভিযোগ এনে ডিজিটাল নিরাপত্তা আইনে ইতোমধ্যে তার বিরুদ্ধে দু’টি মামলা দায়ের করা হয়েছে।