পুলিশ ও জনগণের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করতে হবে: জিএমপি কমিশনার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার খন্দকার লুৎফুল কবির বলেছেন, পুলিশ ও জনগণের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করতে হবে। মনে রাখতে হবে আমরা সবাই পরস্পরের ভাই।

শনিবার দুপুরে জিএমপির সদর থানা প্রাঙ্গণে কমিউনিটি পুলিশিং সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে লুৎফুল কবির বলেন, সমাজ থেকে অপরাধ দূরীকরণ, অপরাধের কারণ দূরীকরণ, অপরাধ ভীতি হ্রাস এবং সমাজের অন্যান্য যেসব সমস্যা আছে সেগুলোর সমাধান দেওয়াই হলো কমিউনিটি পুলিশের কাজ। অপরাধীদের শনাক্ত করে আইনের সামনে নিয়ে আসা এবং যারা নিরীহ জনগণ আছে তাদের যাতে সার্বিক নিরাপত্তাবোধ প্রদান করা সম্ভব হয় সেটা নিশ্চিত করা।

জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আজাদ মিয়ার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, উপপুলিশ কমিশনার শরিফুর রহমান, নগর আওয়ামী লীগের সহসভাপতি ওয়াজ উদ্দিন মিয়া ও পরিবহন শ্রমিক নেতা সুলতান আহমদ সরকার প্রমুখ।

পুলিশ সদস্যদের সৎ কাজের আহ্বান জানিয়ে জিএমপি কমিশনার আরও বলেন, আমাদের সৎ কাজের নির্দেশনা দিতে হবে। অসৎ ও মন্দ কাজে বাধা দিতে হবে। মনে রাখতে হবে ভালো ও মন্দ সমান নয়।