কিশোর গ্যাং দমনে সবার সহযোগিতা প্রয়োজন: কমিশনার

সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেছেন, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ ও দমনে সবার সহযোগিতা প্রয়োজন। আমরা যেন একে অপরকে তথ্য দিয়ে এটির একটি সম্মানজনক সমাধান করতে পারি।

শনিবার দামপাড়া পুলিশ লাইন্স মাঠে ‘কমিউনিটি পুলিশিং ডে’ উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিএমপি কমিশনার বলেন, সামাজিক অনুশাসনের মাধ্যমে কিশোরদের কুসঙ্গে জড়িয়ে পড়া থেকে প্রত্যেক মা বাবা ভাই বোনদের নিজ নিজ অবস্থান থেকে এসব প্রতিরোধের চেষ্টা করতে হবে। তাই কিশোর গ্যাং নিয়ন্ত্রণ দমন প্রতিরোধ যেটাই বলি, সেটার জন্য সবার সহযোগিতা প্রয়োজন। এ সহযোগিতা হবে কমপিস্নমেন্টারি। আমরা যেন একে অপরকে তথ্য দিয়ে সহযোগিতা করি, যাতে এটির একটি সম্মানজনক সমাধান হয়। পাশপাশি শিশু কিশোরদেরকে খেলার মাঠে ফিরিয়ে আনি। চট্টগ্রামে একটি বড় সমস্যা খেলার মাঠের সংকট। আমরা সবাই যদি একসঙ্গে এই দাবি জানায় তাহলে সংকটের সমাধান হবে।

চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ও দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) মোস্তাক আহমেদ খান, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, উপ-কমিশনার (সদর) আমির জাফর, উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক প্রমুখ।