পশ্চিমবঙ্গসহ ৩ রাজ্যের ভোটে সিপিএম-কংগ্রেস জোটবদ্ধ লড়াই

পশ্চিমবঙ্গসহ তিন রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হয়ে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী) সিপিএম।

পলিটব্যুরো সায় দেওয়ার পরে শুক্র ও শনিবার সিপিএমের কেন্দ্রীয় কমিটির ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানায় আনন্দবাজার।

অবশ্য দলের এই সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেননি কেন্দ্রীয় কমিটির ৮ নেতা। দলের নির্বাচনী কৌশলগত প্রশ্নে মতদানে বিরত থাকার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন তারা।

কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ ও আসামে কংগ্রেসসহ ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক শক্তির সঙ্গে জোট বেঁধে বিধানসভা ভোটে লড়বে সিপিএম।

তামিলনাড়ুতে ডিএমকে’র নেতৃত্বে জোট, আসামে কংগ্রেসের পাশাপাশি অন্যান্য দলের সঙ্গে জোট হবে। পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে যৌথ কর্মসূচি চলছে। সমমনা অন্যান্য দলকেও এই ঐক্যে শামিল করার চেষ্টা করা হবে।

এ ক্ষেত্রে ব্যতিক্রম কেবল কেরালা। সেখানে কংগ্রেসের সঙ্গে বামদের মুখোমুখি লড়াই হবে। তাই সমঝোতার কোনো সুযোগ নেই।

বৈঠকের পরে শনিবার দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেছেন, ‘রাজ্যভিত্তিক পরিস্থিতি আলাদা। তাই কেরালা ব্যতিক্রম বলে বিস্মিত হওয়ার কিছু নেই। পশ্চিমবঙ্গেও জ্যোতি বসুর আমলে সিপিএম ও কংগ্রেসের লড়াই হয়েছে। এখন বিজেপি ও তৃণমূলের মোকাবিলায় আমরা সেখানে কংগ্রেসের সঙ্গে সমন্বয় করে চলছি।’

এদিকে সিপিএম জোটের পক্ষে পলিটব্যুরো, কেন্দ্রীয় কমিটির সম্মতি আদায় করে ফেললেও পশ্চিমবঙ্গ কংগ্রেস অবশ্য এখনো যৌথ কর্মসূচির খসড়া তাদের পাঠায়নি। সিপিএম জোটের পক্ষে যত নির্দিষ্ট ও দ্রুত পদক্ষেপ গ্রহণ করছে করছে, বিপরীতে কংগ্রেসের ধীরগতি ততই চোখে পড়ছে।

আগামী বছর অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গের ২৯৪ আসনের বিধানসভা নির্বাচন। এ নির্বাচনে জয়ের জন্য ইতোমধ্যে মাঠে ঝাঁপিয়ে পড়েছে কেন্দ্রে ক্ষমতায় থাকা বিজেপি আর রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল। মূল লড়াইয়ে না থাকলেও আসন বাড়াতে মরিয়া সিপিএম এবং কংগ্রেসও।