তুরস্কে ভূমিকম্প: ৩৪ ঘণ্টা পর বৃদ্ধকে জীবিত উদ্ধার

শক্তিশালী ভূমিকম্পের প্রায় ৩৪ ঘণ্টা পর তুরস্কের পশ্চিমাঞ্চলে ধ্বংসস্তূপের নিচে চাপাপড়া ৭০ বছর বয়সী এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত শহরে সোমবারও ধসে যাওয়া আটটি ভবনে উদ্ধার কাজ চলছে। জীবিত উদ্ধারের ঘটনাকে অবিশ্বাস্য বলে মন্তব্য করেছেন কর্মকর্তারা।

আন্তর্জাতিক বার্তাসংস্থা এপি’র খবরে বলা হয়েছে, শুক্রবার ঘটে যাওয়া এজিয়ান সাগরের এই ভূমিকম্পে তুরস্কে রবিবার আরও মানুষের মৃত্যু নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৩ জনে। আর গ্রিসের সামোস দ্বীপে মৃতের সংখ্যা ২ জনেই রয়েছে।

তুরস্ক কর্তৃপক্ষ মৃত্যুর সব ঘটনা উপকূলীয় শহর ইজমিরেই ঘটেছে বলে নিশ্চিত করেছে।

ভূমিকম্পে ইজমিরের বেরাকলি জেলায় যে ২০টি ভবন ধসে পড়েছিলো, তার একটির ধ্বংসস্তূপের নিচ থেকে রবিবার ভোররাতে আহমেদ সিতিম নামের ৭০ বছর বয়সী ওই বৃদ্ধকে উদ্ধার করা হয়।

তাকে বের করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। অস্ত্রোপচারের পর তিনি সুস্থ হয়ে উঠছেন বলে নিশ্চিত করেছেন তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী।

শনিবারও উদ্ধারকর্মীরা একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে এক মা ও তার চার সন্তানকে উদ্ধার করেছিল। তুরস্কে যে ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে আহমেদ সিতিমকে উদ্ধার করা হয়, সেই একই আটতলা ভবনের ধ্বংসস্তূপের ভেতর থেকে ভূমিকম্পের ১৭ ঘণ্টা পর ১৬ বছর বয়সী ইনসি ওকান ও তার কুকুর ফিস্তিককেও উদ্ধার করা হয়েছিলো।

তুরস্ক জানিয়েছে, ভূমিকম্পের পর ৮০০ বারের বেশি ছোট ছোট ভূকম্পন অনুভূত হয়েছে। এর মধ্যে চার মাত্রার বেশি ভূমিকম্প হয়েছে ৪০টি।