মগবাজারে নিজ বাসায় স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ

রাজধানীর মগবাজারের একটি বাসা থেকে আহির বিশ্বাস (১৫) নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার বেলা ১২টার দিকে অচেতন অবস্থায় ওই স্কুলছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের মামা তাপস কান্তি জানান, তাদের বাড়ি মাদারীপুর ডাসার উপজেলার শষিকর গ্রামে। আহিরের বাবা ডা. রঞ্জিত বিশ্বাস ব্রাহ্মণবাড়িয়া একটি বেসরকারি হাসপাতালে সহযোগী অধ্যাপক। তিনি সেখানেই থাকেন। মা সংগীত শিল্পী রমা বাড়ৈ মেয়ে আহির ও এক ছেলেকে নিয়ে মগবাজার গাবতলা এলাকার একটি বাসায় ভাড়া থাকেন।

আহির স্থানীয় মির্জাপুর ভারতেশ্বরী হোমস স্কুলের দশম শ্রেণিতে পড়াশোনা করতেন। সকালে তিনি আহিরের মায়ের কাছে সংবাদ পান আহির তার রুমের দরজা খুলছে না। পরে ওই বাসায় গিয়ে দরজা ভেঙে ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাকে।

সঙ্গে সঙ্গে তাকে নামিয়ে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাসাতেও ঠিকমতো পড়াশোনা করতে না চাওয়ায় গত রাতে মা তাকে বকাঝকা করেছিলেন। এই কারণেই তিনি গলায় ফাঁস দিতে পারেন বলে ধারণা তাদের।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।