ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের দাবি হেফাজতের

ঢাকায় ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি থেকে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি তুলেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

মোহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রকাশ করায় সোমবার এই ঘেরাও কর্মসূচি পালন করে ধর্মভিত্তিক সংগঠনটি।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে বেলা সোয়া ১২টার দিকে মিছিল নিয়ে গুলশানে ফ্রান্স দূতাবাসের উদ্দেশে রওনা হন হেফাজতকর্মীরা।

মিছিলটি পল্টন, নাইটিঙ্গেল মোড়, কাকরাইল হয়ে বেলা পৌনে ১টার দিকে শান্তিনগর মোড়ে আসলে পুলিশের ব্যারিকেডে আটকে যায়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন, ঢাকায় ফ্রান্সের দূতাবাস বন্ধ, ফরাসি পণ্য বর্জন এবং সংসদে নিন্দা প্রস্তাব পাস করার দাবি জানান হেফাজত ইসলামের মহাসচিব জুনাইদ বাবুনগরী।

এদিকে কর্মসূচিতে বিপুল জনসমাগমের কারণে বায়তুল মোকাররম, গুলিস্তান, পল্টন, প্রেসক্লাব, কাকরাইল ও শান্তিনগর হয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে তিন ঘণ্টার বেশি সময় ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের।

ফ্রান্সের একটি সাময়িকীতে মোহাম্মদ (সা.) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে বিক্ষোভ চলছে। বাংলাদেশেও ধর্মভিত্তিক সংগঠনগুলো প্রতিবাদ জানানোর পাশাপাশি ফ্রান্সের পণ্য বয়কটের আহ্বান জানিয়েছে।