ঝালকাঠিতে মা ইলিশ শিকারের দায়ে তিন জেলের কারাদণ্ড

ঝালকাঠির রাজাপুরে মা ইলিশ শিকারের অপরাধে তিন জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সকালে উপজেলার বিষখালী নদীতে অভিযান চালিয়ে তিন মৌসুমী জেলেকে এ দণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সোহাগ হাওলাদার।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ঝালকাঠি সদর উপজেলার দেউরী গ্রামের মো. রশিদ হাওলাদার (৫০), মো. সৈনিক ফরাজী (২২) ও নলছিটি উপজেলার নলবুনিয়া গ্রামের মো. মনির হোসেন (২০)।

উপজেলা মৎস্য অফিস জানিয়েছে, সোমবার সকালে ইলিশ শিকারের সময় উপজেলার নাপিতের হাট ও পালট এলাকার বিষখালী নদী থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুই হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. সোহাগ হাওলাদার বলেন, মা ইলিশ শিকারের অপরাধে রশিদ, সৈনিক ও মনিরকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।