গিলগিত-বালতিস্তানকে আলাদা প্রদেশ ঘোষণা পাকিস্তানের

ভারতের আপত্তি সত্ত্বেও গিলগিত-বালতিস্তানকে বিশেষ প্রদেশের মর্যাদা দিয়েছে পাকিস্তান।

নিউজ এইটিন জানায়, রবিবার আজাদ কাশ্মীরের ওই অংশকে আলাদা প্রদেশ হিসেবে ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

এদিন গিলগিত-বালতিস্তানে গিয়ে তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, নদী বাঁধের মতো একাধিক প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপনা করেন তিনি।

এ সময় এক বক্তব্যে পাক প্রধানমন্ত্রী বলেন, ‘পাকিস্তানে শিয়া ও সুন্নি সম্প্রদায়ের মধ্যে ঝামেলা বাঁধানোর চেষ্টা করছে ভারত। পাকিস্তানের সরকার সব সময় অনুন্নত জায়গার মানুষদের ভালো চায়। গিলগিট-বালতিস্তানে এবার উন্নয়ন হবে। আপনারা বিশ্বাস রাখুন।’

তিনি আরও বলেন, ‘ভারতে এখন কট্টর হিন্দুত্ববাদী সরকার রয়েছে। কিন্তু পাকিস্তানের সেনাবাহিনীর তৎপরতার জন্য ভারত আমাদের কোনো ক্ষতি করতে পারছে না। আমরা বহুদিন ধরেই গিলগিতের মানুষের সেবা করার জন্য চেষ্টা চালাচ্ছি। শেষ পর্যন্ত এখানকার মানুষের জন্য কিছু করার সুযোগ পেলাম।’

এদিকে গিলগিত-বালতিস্তানকে প্রদেশ ঘোষণার বিরোধিতা করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। পাকিস্তানের এ সিদ্ধান্ত মেনে নেবে না বলে নয়াদিল্লি জানিয়েছে। তাদের ভাষ্য, পাকিস্তান জোরপূর্বক এ এলাকায় দখল করেছে এবং এখন প্রদেশ ঘোষণার বিষয়টি পুরোপুরি ‘অনৈতিক’।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, ‘পাকিস্তান ১৯৪৭ সালে করা চুক্তি ভঙ্গ করেছে ৷ এ চুক্তি অনুযায়ী গিলগিত-বালতিস্তান ভারতের জম্মু ও কাশ্মীরের অংশ। এই এলাকার কোনো পরিবর্তন করা যাবে না এটিও বলা আছে চুক্তিতে।’