‘ম্যাট্রিক্স ফোর’ শেষে নিকের কাছে প্রিয়াঙ্কা

সাই-ফাই ফ্র্যাঞ্চাইজি ‘ম্যাট্রিক্স ফোর’-এর দৃশ্যায়নের জন্য কয়েক দিন জার্মানির বার্লিন ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। শুটিং শেষ হতেই রবিবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ফিরলেন হলিউড-বলিউডের নায়িকা।

বাড়ি ফেরার মুহূর্ত ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে ভাগাভাগি করলেন প্রিয়াঙ্কা। ছবিতে সঙ্গে রয়েছেন স্বামী নিক জোনাস ও তাদের পোষ্য।

এ দিন প্রিয়াঙ্কা পরেছিলেন নীল রঙের লম্বা রোব, সঙ্গে সানগ্লাস। ছোট্ট ডায়ানাকে ধরে আছেন কোলে। অন্যদিকে নীল ডোরাকাটা সুয়েটার ও কালো জিনসে ভীষণ হ্যান্ডসাম দেখাচ্ছে আমেরিকান গায়ক নিককে। তাদের অন্য পোষ্য জিনো বসে আছে ভিনটেজ কারের ব্যাকসিটে।

ছবির ক্যাপশনে প্রিয়াঙ্কা লেখেন, যেখানে মন পড়ে থাকে সেটাই ঘর।

প্রিয়াঙ্কা ও নিক বিয়ে করেছেন দুই বছর হতে চলল। কয়েক বছর রোমান্স শেষে তারা ঘর বাঁধেন। সংসারের খুঁটিনাটি অনেক বিষয়ই সোশ্যাল মিডিয়ায় তারা প্রায়ই শেয়ার করেন।

‘ম্যাট্রিক্স ফোর’ ছাড়াও প্রিয়াঙ্কার হাতে আছে হলিউডের একাধিক ছবি। নেটফ্লিক্স ও আমাজন প্রাইমের জন্য করছেন কয়েকটি প্রজেক্ট। এর মধ্যে নেটফ্লিক্সের ‘হোয়াইট টাইগার’-এর ট্রেলার প্রকাশ হয়েছে সম্প্রতি। এতে আরও অভিনয় করছেন রাজকুমার রাও।

২০২২ সালে ১ এপ্রিল মুক্তি পাবে ‘ম্যাট্রিক্স ফোর’। মূল ভূমিকায় থাকছেন আগের তিন কিস্তির নায়ক কিয়ানু রিভস। আরও আছেন ক্যারি-অ্যান মস, ইয়াহিয়া আবদুল মতিন টু ও নেইল প্যাট্রিক হ্যারিস। পরিচালনা করছেন লানা ও লিলি ওয়াচোস্কি।