সিগনাল না মানায় ট্রেনের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর মগবাজার ও ক্যান্টনমেন্ট স্টেশনে ট্রেনে কাটা পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যার দিকে পৃথক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. হারুন অর রশিদ জানান, সন্ধ্যা ৭ টার দিকে মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি মগবাজার রেলক্রসিং পার হচ্ছিল। রেললাইনের গেটটি নামিয়ে দিলেও তারা সিগনাল না মেনে সেটি পার হয়ে অপর পাশে রেললাইনের ওপর গিয়ে দাঁড়ায়। তখন অপর দিক থেকে আসা আরেকটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় তারা দুজন।

এসআই আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে প্রথমে মগবাজারের ইনসাফ বারাকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। তার নাম পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩৮ বছর। আরেকজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। তার নাম সুমন দাস (৪৮), পিতা মৃত নির্মল দাস বলে জানতে পেরেছি। তার বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের নাজিরেরবাগ এলাকায়।

কমলাপুর রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিব উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অন্যদিকে ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ির এএসআই মহিউদ্দিন জানান, সন্ধ্যায় ক্যান্টনমেন্ট স্টেশনে কমলাপুরগামী ১১সিন্ধু নামের একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান অজ্ঞাতনামা এক ব্যক্তি। তার বয়স আনুমানিক ৬০ বছর। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।