চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সামনে ছাত্রলীগ নেতা রিগান ও কৃষক লীগ নেতা মহসিন রেজাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গত রবিবার রাত ১১টার দিকে সদর হাসপাতালের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
আহত রিগান চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি প্রার্থী এবং মহসিন রেজা জেলা কৃষক লীগের প্রচার সম্পাদক।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, রিগান ও তার মামা মহসিন মোটরসাইকেলে করে হাসপাতালে যাচ্ছিলেন। এ সময় হাসপাতালের সামনে অজ্ঞাত ৬/৭ জন তাদের গতিরোধ করে। তারা রিগান ও মহসিনকেও কুপিয়ে জখম করে।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেলে নেওয়ার পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ ঘটনা ঘটতে পারে।