অন্যরকম বিজ্ঞানবাক্স সিরিজের আরও একটি মজার বাক্সের কথা আজ তোমরা জানবে। বাক্সটির নাম ‘চুম্বকের চমক’। বিভিন্ন পরিত্যক্ত যন্ত্রের ভাঙা চুম্বক নিয়ে খেলাধুলা করেনি এমন শিক্ষার্থী কমই পাওয়া যাবে। চুম্বকের আকর্ষণ-বিকর্ষণের মজার খেলা নিশ্চই সবাই উপভোগ করো। তাহলে আর দেরি কেন, চলো দারুণ বাক্সটির কথা জেনে নিই। লিখেছেন ইজাজুল হক
কেন এই বাক্স : চুম্বক বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। চুম্বকের আকর্ষণ-বিকর্ষণ সম্পর্কে সম্যক ধারণা দেওয়ার জন্যই এই বাক্স তৈরি করা হয়েছে। মূলত চুম্বক একটি অসাধারণ পদার্থ। এটি নাড়াচাড়া করলে তোমাদের মনে নানা প্রশ্ন জাগবে। অজান্তেই বুঝতে পারবে চুম্বকের নানাবিষয়। সময়টাও উপভোগ্য হয়ে উঠবে।
উপকরণ : দন্ড চুম্বক, নিয়োডিমিয়াম চুম্বক, লোহার গুঁড়ো, কম্পাস, সুইচ, জেমস ক্লিপ, রিং ম্যাগনেট, খেলনা কুমির, খেলনা সুপারম্যান, পেন্সিল, মোটর, রিড সুইচ, সুতো, ফোম, ডিম্বাকৃতির চুম্বক ইত্যাদি।
এক্সপেরিমেন্ট : নিয়োডিমিয়াম চুম্বক, ব্যাটারি এবং পেরেক ব্যবহার করে ম্যাজিক মোটর তৈরি, চুম্বকের চারপাশে লোহার গুঁড়ো ছড়িয়ে দিয়ে বলরেখা দৃশ্যায়ন, ডিম্বচুম্বক ব্যবহার করে বিশেষ ধরনের সংগীত তৈরি করা, বড় চুম্বক থেকে বাচ্চা চুম্বক তৈরির মাধ্যমে পাঠ্যবইয়ের ডোমেইন তত্ত্ব প্রয়োগ করা, হাতের স্পর্শ ছাড়াই কোনো বস্তুকে সরানো, ম্যাগনেটিক নিক্তি তৈরি, অচুম্বক পদার্থের সঙ্গে চুম্বকের সংস্পর্শে স্লোমোশন ম্যাজিক দেখা, কলিং বেল তৈরি, তারকে লাফাতে সাহায্য করা ইত্যাদি। বাক্সের উপকরণ ব্যবহার করে মোট ২৬টি দারুণ এক্সপেরিমেন্ট তুমি করতে পারবে।
ব্যবহারবিধি : বাক্সের ব্যবহারবিধি ভিডিও টিউটোরিয়াল এবং নির্দেশিকার মাধ্যমে সহজ ভাষায় বিস্তারিত বুঝিয়ে দেওয়া হয়েছে। ৭ থেকে ১৬ বছরের যেকোনো বিজ্ঞানপ্রেমী শিক্ষার্থী ব্যবহার করতে পারবে।