‘ক্রিশ্চিয়ানোর ফেরাটাই গুরুত্বপূর্ণ’

ফিরেই জোড়া গোলে জুভেন্তাসের জয়ের নায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। রবিবারের সিরি আ ম্যাচ জয়ের পর পর্তুগিজ তারকাকে সামলাতে হলো অপ্রিয় প্রসঙ্গও। নিজের মতো করে সেই বিতর্ককে পাশ কাটিয়ে জানালেন, করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করে ভালোবাসার ফুটবলে তার ফেরাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

গত ১৩ অক্টোবর পর্তুগালে জাতীয় দলের সঙ্গে থাকার সময়ে করোনাভাইরাস পজিটিভ হওয়ার পর তুরিনে চলে আসেন রোনালদো। ইতালির ক্রীড়ামন্ত্রী অভিযোগ করেন, করোনা প্রটোকল ভেঙেছেন তিনি, যদিও তা অস্বীকার করেন রোনালদো। বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচের আগের দিন কভিড-১৯ পরীক্ষায় আবার পজিটিভ হওয়ার পর সেই পরীক্ষাকে ভুয়া বলেছিলেন তিনি। স্পেজিয়ার বিপক্ষে ৪-১ গোলের দুর্দান্ত জয়ের পর এক সাক্ষাৎকারে সে প্রসঙ্গে কৌশলে এড়িয়ে গিয়ে রোনালদো বলেন, ‘ক্রিশ্চিয়ানো ফিরেছে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’ মাঠে ফেরা নিয়ে স্বস্তির কথা জানান পাঁচবারের বর্ষসেরা ফুটবলার, ‘আমি স্থির ছিলাম। কোনো উপসর্গ ছিল না এবং ভালো বোধ করছিলাম। আমি যা করতে ভালোবাসি সেই ফুটবল খেলায় আজ ফিরেছি।’ সঙ্গে যোগ করেছেন, ‘সিরি আ একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগ। এসি মিলান দারুণ করছে, লাৎসিও ও নাপোলিও ভালো খেলছে। আমাদের কঠোর পরিশ্রম করতে হবে, তবে আমরা ধীরে ধীরে এগোচ্ছি।’