পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শেষ ধাপে অর্থাৎ প্লে-অফ রাউন্ডে খেলতে যাচ্ছেন বাংলাদেশের দুই ক্রিকেটার তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। তামিম খেলবেন লাহোর কালান্দার্সে, মাহমুদউল্লাহ মুলতান সুলতানসে।
পিএসএলে খেলার জন্য গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র পেয়েছেন তারা। গেল মার্চে করোনাভাইরাসের কারণে স্থগিত হয়েছিল পিএসএল। বাকি ছিল শুধু দুটি এলিমিনেটর ম্যাচ, একটি কোয়ালিফায়ার এবং ফাইনাল ম্যাচ। পিএসএল শুরু হবে ১৪ নভেম্বর থেকে। আর ১৫ নভেম্বর থেকে বিসিবির আয়োজনে টি-টোয়েন্টি লিগ শুরু হওয়ার কথা ছিল। বোর্ড পরিচালক আকরাম খান জানিয়েছেন, টুর্নামেন্টটি আরও কয়েক দিন পর শুরু হবে। তাই বাধা নেই তামিম ও মাহমুদউল্লাহর পিএসএলে যেতে। এখানে প্রশ্ন উঠতে পারে, আইপিএলে খেলার জন্য মোস্তাফিজুর রহমানকে অনাপত্তিপত্র দেওয়া হয়নি। তাহলে তামিম-মাহমুদউল্লাহকে কেন দেওয়া হলো। আকরাম খান তার ব্যাখ্যায় জানিয়েছেন, মোস্তাফিজের প্রস্তাব যখন এসেছিল, তখন বাংলাদেশে প্র্যাকটিস চলছিল। জাতীয় দলের খেলা ছিল সামনে। শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল দলের। সব ভেবেই তখন মোস্তাফিজকে অনুমতি দেয়নি বিসিবি। এখন খেলা নেই, ক্যাম্পও নেই। টি-টোয়েন্টি টুর্নামেন্ট অন্তত সপ্তাহখানেক পেছাতে যাচ্ছে। তাই তামিম-মাহমুদউল্লাহকে খেলার অনুমতি দেওয়া হয়েছে।
পিএসএলে এর আগেও খেলার অভিজ্ঞতা আছে তামিম ও মাহমুদউল্লাহর। ২০১৭ ও ২০১৮ সালে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সে খেলেছেন মাহমুদউল্লাহ। ২০১৬, ২০১৭ ও ২০১৮-তে তামিম খেলেছেন পেশোয়ার জালমিতে।