কক্সবাজারের উখিয়ায় ৪৭১ ভরি সোনাসহ মো. কলিম (২১) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার রাতে পালংখালী ইউনিয়নের কুমারপাড়া এশিয়ান হাইওয়ে সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে বিজিবির ঘুমধুম বিওপি’র সদস্যরা। অভিযুক্ত কলিম বালুখালী ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের কবির আহমদের ছেলে।
বিজিবি-৩৪ কক্সবাজার ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালায় ঘুমধুম বিওপি’র সদস্যরা। পরে ৪৭১ ভরি ০৯ আনা ০৪ রতি বার্মিজ সোনাসহ কলিমকে আটক করে তারা। উদ্ধারকৃত সোনার বাজারমূল্য ৩ কোটি ১৫ লাখ ৩৫ হাজার ৮৬৯ টাকা। এ ঘটনায় অভিযুক্তকে উখিয়া থানায় সোপর্দ করা হয়।