যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয় ইহুদি রাষ্ট্র ইসরায়েলের জন্য ভালো হবে। দেশটির ৬০ শতাংশেরও বেশি নাগরিক এমনটাই ভাবছেন। সোমবার এক মতামত জরিপ থেকে এমন আভাস পাওয়া যায়।
জেরুজালেম ভিত্তিক থিংক-ট্যাংক ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউট (আইডিআই) অনুমোদিত এবং যুক্তরাষ্ট্রের নির্বাচনকে সামনে রেখে প্রকাশিত এ জরিপ অনুযায়ী, ৭০ শতাংশ ইহুদিসহ ৬৩ শতাংশ ইসরায়েলি নাগরিক ইহুদি এ রাষ্ট্রের স্বার্থে ট্রাম্পের বিজয় দেখতে চান। খবরটি জানিয়েছে এএফপি।
জরিপে অংশ নেওয়া মাত্র ১৭ শতাংশ ইসরায়েলি নাগরিক জানান, যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক দলের মনোনীত প্রার্থী জো বাইডেন ইসরায়েলের জন্য ভালো হবে এবং ২০ শতাংশ ইসরায়েলি মতামত দেন তারা কিছু জানে না।
আইডিআই জানায়, আরেক মেয়াদে ক্ষমতায় থাকার ব্যাপারে ট্রাম্পের প্রতি ইহুদি জনগণের পক্ষপাতমূলক মনোভাব জরিপে উঠে এসেছে। যা বলছে, বাইডেনের জয় যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্ককে দুর্বল এবং ওয়াশিংটন ও ফিলিস্তিনের মধ্যে সম্পর্ক জোরদার করবে।