পিটিয়ে-পুড়িয়ে হত্যা: ৫ আসামি রিমান্ডে, গ্রেপ্তার আরও ৬

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে ধর্ম অবমাননার অভিযোগ এনে মানসিকভাবে অসুস্থ আবু ইউনুস মো. সহিদুন্নবী জুয়েলকে (৫০) পিটিয়ে ও পরে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় ৫ আসামিকে ৩ দিন করে রিমান্ডে নেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে লালমনিরহাট আমলি আদালত-৩ এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে নতুন করে আরও ৬জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এখন পর্যন্ত ৩টি মামলায় ১৬ জনকে গ্রেপ্তার করা হল।

রিমান্ড প্রাপ্তরা হলেন- আশরাফুল আলম (২২), বায়েজিদ (২৪), রফিক (২০), মাসুম আলী (৩৫) এবং শফিকুল ইসলাম (২৫)।

মামলার তদন্তকারী কর্মকর্তা লালমনিরহাট ডিবি পুলিশের পরিদর্শক মাহমুদুন্নবী ৫ আসামিকে পাঁচ দিন করে রিমান্ড চেয়ে গত ৩ নভেম্বর আদালতে আবেদন করেন। মঙ্গলবার শুনানি শেষে আদালত-৩ এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফেরদৌসী বেগম তাদের প্রত্যেককে ৩ দিন করে রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

লালমনিরহাট ডিবি পুলিশের ওসি ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার আরও ৬ জন আসামিকে গ্রেপ্তার করেছে পাটগ্রাম থানা-পুলিশ। তারা হলেন- পাটগ্রামের বুড়িমারী এলাকার নুরুজ্জামান (২০), রশিদুল ইসলাম (১৬), জোবায়েদ হোসেন (১৬), বাপ্পি (১৭), ওহিদুল ইসলাম (২৮), ও আলাল হোসেন (৪৫)।

গত রোববার দ্বিতীয় দফায় গ্রেপ্তার করা হয় বুড়িমারী মসজিদের খাদেম জোবেদ আলী (৬১), রাজু (১৯), আনোয়ার হোসেন (৫৫), মানিক (২৬), মেরাজুল ইসলাম (১৭)।

তাদেরকে সোমবার বিকেলে আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ। এদের মধ্যে মসজিদের খাদেম জোবেদ আলী, আনোয়ার হোসেন ও রাজুকে হত্যা মামলায় আর বাকি ২ জনকে পুলিশের উপর হামলা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

পাশাপাশি হত্যা মামলায় গ্রেপ্তারকৃত ৩ জনের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫দিনের রিমান্ড আবেদন জানানো হয়। সবশেষ সোমবার রাতে গ্রেপ্তারদের আদালতে সোপর্দের পর রিমান্ড আবেদন জানানো হবে বলে জানিয়েছেন লালমনিরহাট ডিবি পুলিশের ওসি ওমর ফারুক।

বুড়িমারী ঘটনায় নিহত জুয়েলের চাচাতো ভাই সাইফুল আলম, পাটগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান আলী ও বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাত বাদী হয়ে পৃথক তিনটি মামলা দায়ের করেন।

ঘটনাস্থলের ভিডিও ফুটেজ দেখে আসামি শনাক্ত করে অভিযান চালিয়ে এ পর্যন্ত ১৬জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা সকলেই বুড়িমারী এলাকার।

আলোচিত তিনটি মামলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে তদন্তের দায়িত্ব দেয়া হয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে বুড়িমারীতে কোরআন অবমাননার অভিযোগ তুলে আবু ইউনুস মো. সহিদুন্নবী জুয়েল নামে মানসিকভাবে অসুস্থ এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করে পরে তার লাশ পুড়িয়ে দিয়েছে একদল দুর্বৃত্ত।