মার্কিন নির্বাচনে প্রথম প্রহরে ভোট দেয় নিউ হ্যাম্পশায়ারের দুই এলাকার বাসিন্দারা। এর মধ্যে দুইটি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এর একটিতে সব ভোট পেয়ে জিতেছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন, অন্যটিতে বেশি ভোট পেয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিউ হ্যাম্পশায়ারের ডিক্সভিলে নচ গ্রামের মানুষজন মঙ্গলবার স্থানীয় সময় প্রথম প্রহরে ভোট প্রদান করেন বলে বার্তা সংস্থা এএফপি জানায়।
কয়েক মিনিটের মধ্যে ভোটগুলো গণনাও করা হয়েছে। পাঁচটি ভোটের সবগুলো পেয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। একটি ভোটও পাননি ক্ষমতা ধরে রাখার লড়াইয়ে থাকা ডোনাল্ড ট্রাম্প।
কাছেই মিলসফিল্ডের একটি কেন্দ্রে ২১টি ভোট পড়ে। কেন্দ্রটিতে ট্রাম্প পেয়েছেন ১৬ ভোট এবং বাইডেন পেয়েছেন ৫ ভোট।
তবে ডিক্সভিল নচের কেন্দ্রের ফলের সঙ্গে সব সময় রাজ্যে কারা সবচেয়ে বেশি ইলেক্টোরাল ভোট পেতে যাচ্ছে কিংবা কে হতে যাচ্ছেন পরবর্তী প্রেসিডেন্ট, তার আভাস পাওয়া যায় না। ২০১৬ সালের নির্বাচনে এ কেন্দ্রে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন জিতেও প্রেসিডেন্ট হতে পারেননি।
সবার আগে ভোট হওয়া যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের ছোট্ট গ্রামীণ শহরটি কানাডার সীমান্ত ঘেঁষা। এখানকার বাসিন্দারা ‘ঐতিহ্যগতভাবে’ ১৯৬০ সাল থেকে প্রেসিডেন্ট নির্বাচনে সবার আগে ভোট দিয়ে আসছেন।
ডিক্সভিলে নচ ও পার্শ্ববর্তী মিলসফিল্ড ছাড়াও তৃতীয় আরেকটি এলাকায় প্রথম প্রহরে ভোট গ্রহণ হয়ে থাকে। তবে এবার করোনা মহামারীর কারণে এবার সোমবার রাতের সময়ে ভোট দেওয়া থেকে বিরত রয়েছে এলাকাটির বাসিন্দারা।