বঙ্গবন্ধুর দুর্লভ ছবিসহ সোনালী ব্যাংকে রক্ষিত নথি হস্তান্তর

জাতির পিতার জন্মশত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিছু দুর্লভ ছবি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হস্তান্তর করেছে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ।

মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামালের কাছে এসব নথি হস্তান্তর করেন সোনালী ব্যাংকের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক জনাব আতাউর রহমান প্রধান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এসব তথ্য জানিয়েছে।

হস্তান্তর করা নথিসমূহের মধ্যে রয়েছে- বঙ্গবন্ধু কর্তৃক সোনালী ব্যাংক লিমিটেড গণভবন শাখায় প্রথম হিসাবটি খোলার সময়ের একটি দুর্লভ ছবি, হিসাব খোলার ফরম ও বঙ্গবন্ধুর স্বাক্ষর সংবলিত কার্ড।

এ সময় প্রতিরক্ষা সচিব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ, দেশপ্রেম এবং দেশ ও জাতির গঠনে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভূমিকা নিয়ে আলোচনা করেন। সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বঙ্গবন্ধুর জীবনাদর্শে উজ্জীবিত হয়ে সততার সঙ্গে দায়িত্ব পালনে সকলের প্রতি আহ্বান জানান।

আইএসপিআর আরও জানায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনালী ব্যাংকের গণভবন শাখা ঢাকার প্রথম হিসাবটি খোলেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মাহামুদ-উল-হক, সোনালী ব্যাংক গণভবন শাখার এজিএমসহ ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।