খোকার প্রথম মৃত্যুবার্ষিকী বুধবার, আট দিনব্যাপী কর্মসূচি

অবিভক্ত ঢাকার সাবেক মেয়র, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান এবং মহান মুক্তিযুদ্ধের গেরিলা মুক্তিযোদ্ধা প্রয়াত সাদেক হোসেন খোকার প্রথম মৃত্যুবার্ষিকী আট দিনব্যাপী কর্মসূচি শুরু করেছে ‘সাদেক হোসেন খোকা ফাউন্ডেশন।’

মৃত্যুবার্ষিকীর দিন বুধবার সকাল ১১টায় জুরাইন কবরস্থানে কোরআন খতম, ফাতেহা পাঠ, পুষ্পমাল্য অর্পণ ও মোনাজাত অনুষ্ঠিত হবে। এদিন মহানগরব্যাপী মসজিদ সমূহে বিশেষ দোয়াও অনুষ্ঠিত হবে। মরহুমের পরিবারের উদ্যোগে বাদ আসর ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে।

এছাড়া, খোকার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শনিবার থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। এদিন বিকেল সাড়ে ৩টায় বংশাল থানা বিএনপির উদ্যোগে বংশাল থানা বিএনপির কার্যালয়ে মরহুম সাদেক হোসেন খোকার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সাদেক হোসেন খোকার মৃত্যুবার্ষিকী পালন কমিটির উদ্যোগে সোমবার ও মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে খোকার কর্মময় জীবন ভিত্তিক প্রামাণ্য ও আলোক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এছাড়া মঙ্গলবার মরহুম সাদেক হোসেন খোকার কর্মময় জীবনের ওপর সাদেক হোসেন খোকা ফাউন্ডেশন ভার্চুয়াল আলোচনার আয়োজন করে।