কিংবদন্তি ভারতীয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা তেমন ভালো নেই। মঙ্গলবার বেলভিউ হাসপাতালের ডা. অরিন্দম কর জানিয়েছেন, কিংবদন্তি অভিনেতার কিডনির স্ট্রেস কমাতে এদিন ডায়ালাইসিস করা হয়েছে।
ভারতীয় গণমাধ্যম জানায়, গত ২৫ দিন ধরে হাসপাতালের ICU-তে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। মঙ্গলবার ডাক্তার অরিন্দম কর জানান, বর্ষীয়ান অভিনেতার নতুন করে রক্তক্ষরণ হয়নি। তার শারীরিক অবস্থা একইরকম হয়েছে। হিমোগ্লোবিন প্রায় স্থিতিশীল পর্যায়ে চলে এসেছে। কিডনির স্ট্রেস কমাতেই এদিন ডায়ালাইসিস করা হয়েছে। ইউরিন আউটপুট ভালো। ভাসকুলার সার্জেন, রেডিওলজিস্ট, অ্যানাস্থেসিস্ট তাকে ২৪ ঘণ্টাই পর্যবেক্ষণে রেখেছেন। নতুন করে যাতে আর রক্তক্ষরণ না হয়, সেদিকেই বিশেষভাবে খেয়াল রাখছেন চিকিৎসকেরা। অভিনেতার শারীরিক অবস্থা সন্তোষজনক হলেই তার নিউরোলজিক্যাল বিষয়গুলি নিয়ে ভাবনা চিন্তা করা হবে। গত কয়েক দিনের মতো মঙ্গলবারও অভিনেতার মস্তিষ্কের স্নায়ুর সচেতনতা অর্থাৎ গ্লাসগো কোমা স্কেলে সূচক ১০-এর কাছাকাছি। আচ্ছন্নভাব থাকলেও চোখ খুলছেন তিনি।
৬ অক্টোবর থেকে বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা। করোনা আক্রান্ত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্লাজমা থেরাপির পর তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে। সেই সঙ্গে চিকিৎসাতেও সাড়া দিতে থাকেন তিনি। কিন্তু আচমকাই তার শারীরিক অবস্থা সংকটজনক হয়ে পড়ে। চিকিৎসকেরা জানান, সৌমিত্রর শরীরে সমস্যা বাড়িয়েছে কোভিড এনসেফ্যালোপ্যাথি। সেই কোভিড এনসেফ্যালোপ্যাথিই এখনো চিন্তায় রাখছে চিকিৎসকদের। সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও জটিল হচ্ছে বলে জানান ডা. অরিন্দম কর। তবে সৌমিত্র চট্টোপাধ্যায় প্রকৃত যোদ্ধার মতোই লড়াই যাচ্ছেন বলে জানান তিনি।