মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি সালামত মারা গেছেন

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি কক্সবাজারের মহেশখালীর সালামত উল্লাহ খান (৮৪) মারা গেছেন। গতকাল মঙ্গলবার সকালে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান এ তথ্য নিশ্চিত করে দেশ রূপান্তরকে বলেন, ‘আজ (গতকাল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সালামত উল্লাহর জামিন আবেদনের ওপর শুনানির দিন ধার্য ছিল। সকালে হাসপাতালে মারা যান তিনি।’

তিনি জানান, মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৫ সালের ১ মার্চ সালামত উল্লাহ খান গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। অসুস্থ হওয়ায় তাকে ৩১ অক্টোবর সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। এরপর ১ নভেম্বর তার জামিনের আবেদন করা হয়।

২০১৮ সালের ৩ এপ্রিল এ মামলায় ১৬ জনের বিষয়ে অভিযোগ গঠনের আদেশ  দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে ২০১৬ সালের ১৫ মার্চ প্রসিকিউশনের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগে (ফরমাল চার্জ) মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগ, নির্যাতন, ধর্মান্তর ও দেশান্তরকরণের ১৩টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে।