দুদকের অভিযান

ভুয়া রসিদে জাকাতের অর্থ আত্মসাৎ ইফা কর্মচারীদের

ভুয়া রসিদ দিয়ে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের নামে জনসাধারণের কাছ থেকে জাকাতের অর্থ আদায় এবং আত্মসাতের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তবে অনুসন্ধানের স্বার্থে তাদের নাম প্রকাশ করেনি দুদক টিম।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য বলেন, গতকাল মঙ্গলবার রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হোসাইন শরিফের নেতৃত্বে একটি টিম ইসলামিক  ফাউন্ডেশনের নীলফামারীর অফিসে অভিযান চালায়। এতে ভুয়া রসিদে জাকাতের অর্থ আত্মসাতের প্রমাণ পাওয়া যায়। এখন কমিশন থেকে তাদের বিষয়ে বিস্তারিত অনুসন্ধান করা হবে। এছাড়া গতকাল দুদক এনফোর্সমেন্ট ইউনিট থেকে সারা দেশে ১১টি অভিযোগের বিষয়ে অভিযান চালানো হয়।

দুদকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের নীলফামারী অফিসে অভিযানে দুদক টিম জাকাত আদায় সংক্রান্ত নথি খতিয়ে দেখে।