অটোপাস শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। তিনি বলেছেন, ‘প্রচলিত শিক্ষাপদ্ধতিতেই শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হবে। তাদের ভবিষ্যতের কথা বিবেচনা করেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দিতে আবারও সরকারের প্রতি আহবান জানাচ্ছি।’ গতকাল মঙ্গলবার জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) এবং প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ প্যানেল চাই-২০১৮ প্রতিনিধিদলের সঙ্গে পৃথক দুটি মতবিনিময়কালে জিএম কাদের এ কথা বলেন।
তিনি আরও বলেন, ‘যে শিক্ষার্থীরা করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে চাইবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না। আবার যারা প্রচলিত পদ্ধতিতে পরীক্ষা দিতে চাইবে না, তাদের জন্য অটোপাসের ব্যবস্থা থাকতে পারে। কিন্তু যে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষা গ্রহণ এবং প্রচলিত পদ্ধতিতে পরীক্ষায় অংশ নিতে চাইবে তাদের জন্য অবশ্যই সচল করতে হবে শিক্ষাব্যবস্থা।’