সিনেটেও ডেমোক্র্যাট-রিপাবলিকান কঠিন লড়াই

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি কংগ্রেসের দুই কক্ষেরও ভোট হচ্ছে। তবে ১০০ আসনের সিনেটের ৩৫টিতে ভোট হচ্ছে। প্রাথমিক ফলাফলে প্রেসিডেন্ট নির্বাচনের মতো সিনেট নির্বাচনেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে।

প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গেই সিনেটের ৩৫টি আসনে ভোট হচ্ছে। এর মধ্যে রিপাবলিকান ২৩টি আসন আর ডেমোক্র্যাট ১২টি আসন রয়েছে। একজন সিনেটর ছয় বছরের জন্য নির্বাচিত হন।

বর্তমানে ১০০ আসনের সিনেটে ৫৩-৪৭ ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে রিপাবলিকান পার্টি। সিনেটে নিয়ন্ত্রণ নিতে হলে আগের আসন ধরে রেখে নতুন করে ৪টিতে জিততে হবে ডেমোক্র্যাটদের।

প্রতিবেদন লেখা পর্যন্ত দুটি আসনের ফলাফল পাওয়া গেছে। এতে দু’দলই নিজেদের নিয়ন্ত্রণে থাকা একটি করে হারিয়ে একটি করে জিতেছেন। লড়াই এখনো সমানে সমান।

কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে নিয়ন্ত্রণ এখন ডেমোক্র্যাটদের হাতে। আর সিনেট রিপাবলিকানদের নিয়ন্ত্রণে। ডোনাল্ড ট্রাম্প যদি ফের প্রেসিডেন্ট হন কিন্তু সিনেট ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে চলে যায়, তাহলে তার ক্ষমতা ব্যাপক সংকুচিত হবে।

এদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ফলাফলের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ২০৯টি ইলেক্টোরাল পেয়ে এগিয়ে আছেন আছেন। ট্রাম্প পেয়েছেন ১১৮টি ইলেক্টোরাল। জয়ের জন্য একজন প্রার্থীর প্রয়োজন ২৭০টি ইলেক্টোরাল ভোট।